জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান
জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান। সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান শনিবার (২৪ অক্টোবর) নিজ জেলা মৌলভীবাজারে সাংগঠনিক সফরে আসছেন। জাতীয় সংসদ নির্বাচনের পর জেলা শহরে জামায়াত আমিরের এটাই প্রথম সফর।

Advertisement

বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে মৌলভীবাজার জেলা জামায়াত সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে।

জামায়াত আমির সকাল ৮টায় সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবেন। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরীর আমির মো: ফখরুল ইসলাম, সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।

সকাল সাড়ে ১০টায় তিনি মৌলভীবাজার সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। এরপর বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ডা: শফিকুর রহমান।

মৌলভীবাজার জেলার সাতটি উপজেলা, পাঁচটি পৌরসভা, ৬৭টি ইউনিয়ন ও ৬০৩টি ওয়ার্ডের প্রতিনিধির পাশাপাশি, সকল রুকন ও স্থানীয় নির্বাচনের প্রার্থীগণ ওই সম্মেলনে ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করবেন।

এরপর জামায়াত আমিরেরর সাথে ১১ দলীয় জোট মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের আলোকে প্রতি দুই বছর পর পর জেলা আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৭-২৮ সেশনের জন্য মৌলভীবাজার জেলা আমির নির্বাচনের ভোট গ্রহণের লক্ষ্যে দুপুর ২টা থেকে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে রুকন সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে ৬০০ রুকন অংশগ্রহণ করবেন। ঐতিহাসিক ওই রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াত আমির। নির্বাচন পরিচালনা করবেন সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।

জামায়াত আমিরের সফরকে সামনে রেখে প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও পৌরসভায় ব্যাপক প্রস্তুতি চলছে। এই সফর সাংগঠনিক জনশক্তির মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার হবে বলে আশা করছেন নেতাকর্মীরা।