দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি। নয়া দিগন্ত

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার আড়কান্দী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম। প্রাথমিকভাবে তিনি হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি। তবে নিহত তিনজনের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী রয়েছেন। এছাড়া দুর্ঘটনায় হতাহত সবার বাড়ি মাগুরায় বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, জুমার নামাজের পর আড়াইটার দিকে ঢাকাগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা অ্যাম্বুলেন্সে থাকা তিনজনের লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় আহত অপর তিনজনকে হাসপাতালে পাঠানো হয়।

নিহতের স্বজনদের কাছ থেকে জানা যায়, সবার বাড়ি মাগুরা জেলার মালীগ্রামে। তারা সকাল ৭টায় ফরিদপুর আনসার ভিডিপির ট্রেনিংয়ে গিয়েছিল। ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

এ বিষয় মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুবদেব রায় জানান, আহত ও নিহত সবার বাড়ি মাগুরা জেলায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত তিনজনের লাশ মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।