ওসমান হাদী, বাংলাদেশ, হত্যা, ইনকিলাব মঞ্চ, জুলাই সনদ
পদযাত্রায় শেষে বক্তব্য দিচ্ছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। নয়া দিগন্ত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেছেন, ‘শহীদ ওসমান হাদীকে কোনো ব্যক্তিগত কারণে নয়, কোনো পারিবারিক কারণে নয়, তাকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য হত্যা করা হয়েছে।’

Advertisement

বৃহস্পতিবার (২২ অক্টোবর ) সন্ধ্যায় সাভারের শহীদ ইয়ামিন চত্ত্বরে হাদী হত্যা বিচারসহ ৩ দফা দাবিতে পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আমরা ১৬ দিন পরে সাভারে পায়ে হেঁটে উপস্থিত হয়েছি। আমরা কোনো শোডাউন করার জন্য পাড়ি দিইনি। আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমাদের জীবন শহীদ ওসমান হাদীর মৃত্যুর বদলা নেয়ার জন্য উৎসর্গ করে দিলাম। এ বদলা না নিয়ে আমরা কেউ রাজপথ ছেড়ে যাব না।’

এ সময় তিনি শহীদ ওসমান হাদি হত্যার বিচার, গণভোটের গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচারের দাবিতে আগামী ১৮ ডিসেম্বর মহাসমাবেশে সবাইকে সফল করার আহ্বান জানান।

এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাবেরের নেতৃত্বে সাভার নিউ মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকার শহীদ ইয়ামিন চত্ত্বরে বক্তব্যের মাধ্যমে শেষ হয়। 

এ সময় উপস্থিত ছিলেন অদম্য ২৪-এর আহ্বায়ক মোহাম্মদ তামিম, সদস্য সচিব সগির, ইনকিলাব মঞ্চ মার্চ ফর ইনসাফের আহ্বায়ক জি এ সাব্বির প্রমুখ।