প্রবাসী কল্যাণ মন্ত্রী, আরিফুল হক চৌধুরী, যুবদল, নিহত, গ্রেফতার, পরিবার
বদরুল হত্যায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। নয়া দিগন্ত

সিলেটের গোয়াইনঘাটে সন্ত্রাসীদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন শ্রম কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

Advertisement

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের হাদারপার গ্রামে বদরুরের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও তাদের প্রতি গভীর সমবেদনা জানান মন্ত্রী।

এ সময় মন্ত্রী সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে ঘটনার সাথে জড়িত অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। একই সাথে কোনো অভিযুক্ত যেন আইনের আওতা থেকে রেহাই না পায়, তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেন তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী, গোয়াইনঘাট–কোম্পানীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার নুমান আহমদ, গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়ল, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ওসমান গনি মেম্বার, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব, রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুছ আলী, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিনসহ স্থানীয় নেতারা।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর ভোরে মনরতল বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে সন্ত্রাসী হামলায় ঘটনাস্থলেই বদরুল নিহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।