
রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনুর উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি অংশ নিতে পারেননি। পরে তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো: মাহফুজুর রহমান রিটন।
এমপি শফিকুল হক মিলন বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। মেধা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেম ধারণ করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের কৃতী শিক্ষার্থীরা নিজেদের সাফল্যের মাধ্যমে রাজশাহীর সুনাম বৃদ্ধি করছেন। ভবিষ্যতে তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’
শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মাহফুজুর রহমান রিটন বলেন, ‘শিক্ষানগরী রাজশাহীর অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ নগরবাসীর গর্ব। এই প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখছেন।’
তিনি বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টায় কলেজটিকে দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো: মতিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো: রাশেদ করিম, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ইব্রাহিম আলী, রাজশাহী মাধ্যমিক ও উচ্চশিক্ষার পরিচালক অধ্যাপক হুমায়ুন কবীর, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মো: আব্দুর রউফ, সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক জুবাইদুর রহমান আল গালিবসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








