
মাগুরার পৌর বাস টার্মিনালের রয়েল কাউন্টারে ঢুকে যুবদল নেতা সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় তাদের মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে সিনিয়র বিচারক রোকাইয়া বিনতে খালেক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতার দু’জন হলেন— ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতা রনি শিকদার ও শহরের কলেজ পাড়ার বাসিন্দা শামীমা ইয়াসমিন লুবনা।
মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিহত শাকের হোসেন শহরের পারনান্দুয়ালী গ্রামের মরহুম কুতুবুদ্দিনের ছেলে। বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টার মাস্টার হিসেবেও কর্মরত ছিলেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টারের ভেতরে গুলিবিদ্ধ হন শাকের। স্থানীয়রা শাকেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়। তবে এর আগেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় বুধবার রাতে শাকেরের স্ত্রী শারমিন নাহার মাগুরা সদর থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সন্দেহভাজন হিসেবে রনি শিকদার ও লুবনা নামে এক নারীকে গ্রেফতার করা হয়।
এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ থেকে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








