
সাভারে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা জেলা সার্কেল ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাভার উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে সাভারে বিআরটিএ সাব অফিস গেট থেকে র্যালি শুরু করে গেন্ডা বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
র্যালি ও সমাবেশে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাভার উপজেলা ও পৌরসভা এবং আশুলিয়া থানা শাখার কর্মী, উপজেলা মহিলা পরিষদ, রেডক্রিসেন্ট, ফায়ার সার্ভিস, সাভার ক্লাব, সিটিজেন ক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, বিআরটিএ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের উপ-পরিচালক মোবারক হোসেন বলেন, ‘আমরা সবাই সচেতন হতে হবে। রাস্তা পারাপারের সময় অবশ্যই আমরা ফুট ওভার ব্রিজ ব্যবহার করব। যখন আমরা যখন গাড়িতে উঠব, অবশ্যই যাত্রী হিসেবে ড্রাইভারকে সতর্ক রাখতে চেষ্টা করব। যাতে ড্রাইভার অতিরিক্ত গতিতে গাড়ি না চালান, মোবাইল ফোন ব্যবহার না করেন এবং কানে এয়ারফোন ব্যবহার না করেন। আমরা সবাই সতর্ক হলে আগামীতে অবশ্যই নিরাপদ সড়ক উপহার দিতে পারব।’
সমাবেশে সাভার উপজেলা নাগরিক কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সালাউদ্দিন খাঁন নঈম, সাভার হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান নূর, সাভার পৌর মহিলা দলের সভানেত্রী তানিয়া ইসলাম, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাভার উপজেলা শাখার সভাপতি মো: ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








