
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সাত শতাধিক নাগরিককে বিনামূল্যে চিকিৎসাসহ ওষুধ সরবরাহ করা হয়েছে। সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকার অসচ্ছল মানুষের চিকিৎসা সহায়তার জন্য এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান।
উদ্বোধনী বক্তব্যে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, ‘পাহাড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী সবসময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে রয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ মানবিক প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
দিনব্যাপী আয়োজিত এ মেডিক্যাল ক্যাম্পে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর প্রায় সাত শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। ঢাকা থেকে আসা সার্জন ডা: নার্গিস আক্তার, চক্ষু বিশেষজ্ঞ ডা: আব্দুল জলিল, গাইনি বিশেষজ্ঞ ডা: কামরুন্নেছা নাহার ডলি, গুইমারা রিজিয়নের মেডিসিন বিশেষজ্ঞ ডা: মেজর রায়হান এবং মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন রাফিউল।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, জেডএসও মেজর সামিউল হকসহ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








