
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার সীমান্তসংলগ্ন বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে শশীদল ও সালদানদী বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) টহল দল পৃথক অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, কসমেটিকস, থ্রি-পিসসহ বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ২০ লাখ ৩০ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে জানানো হয়, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








