
মাদারীপুরের কালকিনি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাইজুল সরদার নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কালীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
নিহত তাইজুল সরদার মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি এলাকার মরহুম রুস্তম আলী সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালীগঞ্জ বাজারে হানিফের চায়ের দোকানে ঢুকে আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিলন সরদার ও তার কয়েকজন অনুসারীর ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে তাইজুল সরদারসহ তার সহযোগীরা। এতে মিলন সরদার পক্ষের জহির ও মহাসিন মারাত্মক জখম হয়।
এ সময় পালটা হামলা চালিয়ে তাইজুল ও সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে মিলন সরদার পক্ষের লোকজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা নেয়ার পথে তাইজুলের মৃত্যু হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, নিহত তাইজুল সরদারের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








