
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক বিরোধকে ঘিরে দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে রাজু নামে এক ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামের মকবুল বিশ্বাস ও চেনের উদ্দিনের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে দু’গ্রুপের সমর্থকরা ঢাল, সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।
এ সময় রাজু আহমেদ, আব্দুল বিশ্বাস, সামেলা বেগম ও চেনের উদ্দিনসহ দুই গ্রুপের অন্তত সাতজন গুরুতর আহত হন। আহতরা বর্তমানে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দু’জনকে আটক করেছে। পুলিশি তৎপরতায় বাখরবা এলাকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








