
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর জসিম উদ্দিন।
নিহতরা হলেন— মৈকুলী এলাকার বাসিন্দা মনির হোসেনের স্ত্রী শাহনাজ বেগম (৫৫) ও একই এলাকার জসিম উদ্দিনের ছেলে রিফাত হোসেন (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় সিলেটগামী মালবাহী ট্রাক ও রূপসীগামী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটাস্থলেই দু’জন নিহত হন। এছাড়া আহত হন আরো তিনজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








