নিহত শাকের হোসেন
নিহত শাকের হোসেন। সংগৃহীত ছবি

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। 

Advertisement

বুধবার (২১ অক্টোবর) রাতে নিহতের স্ত্রী শারমিন আক্তার মাগুরা সদর থানায় মামলা করেন। 

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, শাকের হত্যার ঘটনায় নিহতের স্ত্রী শারমিন আক্তার বুধবার রাতে অজ্ঞাতনামাদের আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেছেন। এ হত্যার ঘটনায় দু’জনকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

এদিকে, হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে দুপুরে জেলা যুবদল শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

উল্লেখ্য, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার থেকে শাকেরের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা তাকে কাউন্টারের ভেতরে পড়ে থাকতে দেখে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার মাথার পেছনে ছিদ্রের একটি চিহ্ন দেখতে পান চিকিৎসকরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। 

নিহত শাকের মাগুরা শহরের পারনান্দুয়ালী বেপারীপাড়া এলাকার মরহুম কুতুব উদ্দিনের ছেলে। তিনি মাগুরা পৌর যুবদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে কাউন্টার মাস্টার হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছিলেন।

স্বজনদের দাবি, শাকেরকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকে ভিন্নখাতে প্রবাহিত না করে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন তারা।