সংস্কৃতিকর্মীকে কুপিয়ে আহত, কামরুল হাসান মজনু, মাদকসেবীর হামলা, দা দিয়ে কুপিয়ে আহত, গ্রেফতার, হামলা, দেশীয় সাংস্কৃতিক সংসদ মুক্তাগাছা
আহত কামরুল হাসান মজনু । নয়া দিগন্ত

ময়মনসিংহের মুক্তাগাছায় নেশা করতে বাধা দেয়ায় কামরুল হাসান মজনু নামে এক সংস্কৃতিকর্মীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে দুই মাদকসেবীর বিরুদ্ধে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার সকালে মুক্তাগাছা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের পাইকাশিমুল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কামরুল হাসান মজনু দেশীয় সাংস্কৃতিক সংসদ মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি।

জানা গেছে, পাইকাশিমুল এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে কামরুল হাসান মজনু আজ ফজরের নামাজ শেষে বাড়ি ফিরে বিছানায় শুয়ে ছিলেন। এ সময় প্রতিবেশী মরহুম ইছব আলীর দুই ছেলে আল আমিন ও সাইফুল ইসলাম তার ঘরের জানালার পাশে বসে নেশা করছিলেন। নেশার গন্ধ পেয়ে মজনু ঘর থেকে বের হয়ে তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আল আমিন ও সাইফুল ঘর থেকে দা নিয়ে আসেন। একপর্যায়ে আল আমিন মজনুর মাথা লক্ষ্য করে দা দিয়ে কোপ দেন। মজনু হাত দিয়ে সেই কোপ ঠেকানোর চেষ্টা করলে তার দুই হাতেই গভীর ক্ষত হয়। এ সময় তার ঘরের থাই জানালাও ভাঙচুর করা হয়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার ক্ষত পরিষ্কার করেন এবং ক্ষতস্থানে ১৩টি সেলাই দেন।

এ বিষয়ে কামরুল হাসান মজনু সাংবাদিকদের বলেন, ‘প্রতিবেশী আল আমিন ও সাইফুল তার ঘরের পাশে বসে নেশা করছিলেন। গন্ধ পেয়ে তিনি তাদের বাধা দেন। পরে তারা দেশীয় অস্ত্র দা ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে ঢুকে তাকে মারার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে দা দিয়ে কোপ দেন। সেই কোপ হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে তার দুই হাত কেটে যায়।’

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মুক্তাগাছা থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে খবর পেয়ে মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শামছুল হক, পৌর জামায়াতের আমির আফতাবুর রহমান আকন্দ, পৌর সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান, জামায়াত নেতা অধ্যক্ষ শামীমসহ উপজেলা ও পৌর জামায়াত এবং দেশীয় সাংস্কৃতিক সংসদ মুক্তাগাছা উপজেলা শাখার সংস্কৃতিকর্মীরা প্রথমে হাসপাতালে গিয়ে আহত মজনুকে দেখেন। পরে তারা তার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

বাংলাদেশ জাতীয় সংসদের ৩৩৯, মহিলা আসন-৩৯-এর সংসদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শামছুল হক এবং পৌর আমির আফতাবুর রহমান আকন্দ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহবান জানান।