
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২৭ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় কালাসাদেক, প্রতাপপুর, দমদমিয়া, সোনারহাট, বিছনাকান্দি, নোয়াকোট, সংগ্রাম বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় মদ, গরু, ফল, কম্বল, কসমেটিক্স, সবজি, চকলেট, বাসমতি চাল, আলু, জুস, দুধ, বিছানার চাদর, ফুচকা, মধু, বিস্কুট, বিড়ি, চা-পাতা এবং বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশী লেডিস সোয়েটারসহ বিভিন্ন ধরনের চোরাইপণ্য জব্দ করা হয়।
জব্দ চোরাইপণ্যের আনুমানিক মূল্য ২৭ লাখ ৩৪ হাজার ৯৫৯ টাকা।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তে সার্বিক নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব চোরাইপণ্য জব্দ করা হয়েছে। জব্দ পণ্যের ব্যাপারে আইন ও প্রচলিত বিধি মোতাবেক পরের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








