বিজিবি, ভারত, অনুপ্রবেশ, বাংলাদেশী
ভারতে অনুপ্রবেশকালে আটক ব্যক্তিরা। নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মানব পাচারকারী চক্রের আরো দুই সদস্য পালিয়ে যান।

Advertisement

বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির আওতাধীন আরমান ছড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার মো: আবুল হোসেন (৪২), শার্শা উপজেলার বেনাপোল এলাকার নবিস উদ্দিনের মেয়ে ফাতেমা (১৮) ও পাচারকারী দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের জহির মিয়ার ছেলে মো: আমির। 

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার।

বিজিবি জানায়, আটক আবুল হোসেন ও ফাতেমার দেয়া তথ্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দা আমির অর্থের বিনিময়ে বাংলাদেশী নাগরিকদের ভারতীয় দালালদের কাছে পৌঁছে দেয়ার কাজ করেন। ঘটনার দিনও তিনি তাদের অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে নেয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

বিজিবি আরো জানায়, আটক দুই বাংলাদেশী নাগরিকের ভারতে আত্মীয়স্বজন রয়েছেন। তাদের অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার সময় আটক করা হয়। 

এ সময় স্থানীয় আরো দুই ব্যক্তি অনিক মিয়া (২৪) ও আলাউদ্দিন (৫৪) পালিয়ে যান বলে জানিয়েছে বিজিবি।

আটক আমির, আবুল হোসেন ও ফাতেমাকে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।