নিহত, দুর্বৃত্ত
দুর্বৃত্তদের গুলিতে সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য নিহত হয়েছে। নয়া দিগন্ত

খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের গুলিতে সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য মো: তুষার (২৭) নিহত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারসংলগ্ন আনসার উদ্দিন লেন থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

তুষার নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া ৮ নম্বর গলির বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশের ভাষ্য, তুষার সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য ছিল। 

পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকায় খাদিমুল উলুম মাদরাসার সামনে রক্তের দাগ দেখা গেছে। বিশ্বস্ত সূত্রের বরাতে দাবি করা হয়েছে, সেখানে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা দুজন পড়ে যায়। পরে তুষার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে আসে।

ওই সূত্রের দাবি, আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে পৌঁছালে দুর্বৃত্তরা তুষারকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। গুলি তার পিঠে লাগে। পরে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে তার মৃত্যু হয়।

খবর পেয়ে খুলনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেয়। তবে হত্যাকাণ্ডের কারণ, হামলাকারীদের পরিচয় ও মাদরাসার সামনে ঘটে যাওয়া ঘটনার সাথে তুষার হত্যার যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খুলনা থানার ওসি মো: লোকমান হোসেন বলেন, ‘তুষারের বিরুদ্ধে অন্তত দুটি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র আইনে ও অন্যটি হত্যা মামলা। তিনি পলাশ গ্রুপের সদস্য ছিলেন।’