কারখানার বয়লারে আগুন
কারখানার বয়লারে আগুন। নয়া দিগন্ত

নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে একটি ডাইং কারখানার বয়লারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন।

Advertisement

আহতদের মধ্যে কারখানার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার শ্যাম্পু মিয়া ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জামালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া বাকি দু’জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে মাধবদীর বিরামপুর এলাকার কালীবাড়ি ডাইংয়ে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বয়লারের স্ফুলিঙ্গ থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলে কালীবাড়ি ডাইং কারখানার বয়লারে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে নরসিংদী ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট যোগ দেয়। মাধবদী ও নরসিংদীর মোট পাঁচটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার যৌথ চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিক ধারণা অনুযায়ী, আগুনে ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হতে পারে। সম্পূর্ণ তদন্ত শেষ হলে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।

দুর্ঘটনার পর কারখানা পরিদর্শন করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন, মাধবদী বনিক সমিতির নবনির্বাচিত সভাপতি নরসিংদী সদর থানা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল, আয়েবালী, নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রূল কবির খোকন, নরসিংদী জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু ও মাধবদী বাজার বনিক সমিতির অর্থ সম্পাদক মো: মোতালিম মিয়া।