
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার বাবুপাড়া থেকে একাধিক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সুষম কাওনাইন (৩৭) ও তার স্ত্রী তাহমিদা ইসলাম তন্নিকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক মামলাসহ মোট পাঁচটি পৃথক অপরাধের মামলা রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। আলমডাঙ্গা থানার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
গ্রেফতার সুষম স্থানীয় মরহুম ইফতেখারুল কাওনাইন হিলু মিয়ার ছেলে। অভিযানে তার স্ত্রীকে সন্দেহভাজন হিসেবে একই বাসা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৬ অক্টোবর আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়। ওই মামলার প্রধান ও পলাতক আসামি ছিলেন সুষম কাওনাইন। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক মামলাসহ মোট পাঁচটি পৃথক অপরাধের মামলা রয়েছে।
পুলিশ জানায়, আটকের পর সুষম কাওনাইনের ব্যবহৃত মুঠোফোন তল্লাশি করে মামলার সাথে জড়িত বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ও আলামত পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতার দুজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, অপরাধ ও মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া মেনে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








