নোয়াখালীতে ফসলের জমি থেকে কিশোরের লাশ উদ্ধার
চরজব্বার থানার কিশোরের মৃতূর সত্যতা নিশ্চিত করেন। নয়া দিগন্ত

নোয়াখালীর সুবর্ণচরে ফসলি জমি থেকে মো: সাহেদ (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

Advertisement

বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার আট নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের একটি শিম ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত সাহেদ ওই ইউনিয়নের চর নোমান গ্রামের খলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নাশতা করে স্থানীয় জুয়েল সওদাগর ও মনিরের শিম ক্ষেতে কাজ করতে যান সাহেদ। সকাল ১১টার দিকে জমির মালিক মনির (৩০) ক্ষেতের পানিতে তাকে ভাসতে দেখেন। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে সাহেদকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। সেখানে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাহেদের মামা জাকের হোসেন জানান, সাহেদের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার মুখে লালা ছিল। সকালে নাশতা করে সে শিম ক্ষেতে কাজ করতে গিয়েছিল।

নিহতের পরিবারের সদস্যরা জানান, কারো সাথে তাদের কোনো বিরোধ বা ঝগড়া নেই। সাহেদের শরীরেও কোনো আঘাতের চিহ্ন দেখতে পাননি তারা। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন। পরিবারের ধারণা, সাহেদ স্ট্রোক করে মারা যেতে পারে।

ছনখোলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো: আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত ব্যক্তির শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করা হবে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গণমাধ্যমের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।