
লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, স্বর্ণালংকার ও টাকা লুট এবং শ্লীলতাহানির চেষ্টার অভিযোগের মামলায় রিয়াদ হাসান নামে এক কৃষক দল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রায়পুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনার সাথে রিয়াদ জড়িত। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
গ্রেফতার রিয়াদ হাসান রায়পুর পৌর কৃষক দলের সভাপতি পদপ্রার্থী এবং রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর দুপুরে রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দেনায়েতপুর এলাকায় ফারুক আহম্মেদের ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
ওই বাসায় প্রবাসী গোলাম কিবরিয়া সবুজ ও তার স্ত্রী মিলি আক্তার বেড়াতে গিয়েছিলেন। সেখানে সবুজের স্ত্রীর বান্ধবী সাথী আক্তার ভাড়া থাকেন। সেদিন সাথীর মেয়ের জন্মদিন উপলক্ষে তাদের দাওয়াত দেয়া হয়েছিল।
এজাহারে বলা হয়েছে, ওই বাসায় যাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিরা হঠাৎ ভেতরে ঢুকে মিলি আক্তারের সাথে দুর্ব্যবহার করেন এবং বাসার জিনিসপত্র এলোমেলো করে ফেলেন। একপর্যায়ে সাথী আক্তারের প্রায় এক ভরি দুই আনা স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। এতে বাধা দিলে মিলিকে মারধর করে আহত করা হয়।
এ সময় তাকে শ্লীলতাহানির চেষ্টাও করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এজাহার অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তিরা মিলির মাকে ফোন করে তার মেয়েকে এক ছেলের সাথে আটকে রাখার কথা জানান। পরে মিলি তার স্বামী সবুজকে ফোন করে বিষয়টি জানান। স্ত্রীকে উদ্ধারে বাসায় গেলে সবুজকেও মারধর করা হয়। এ সময় তার মানিব্যাগ থেকে প্রায় ২৫ হাজার টাকা ও ব্যাংক কার্ড নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
এ ছাড়া ওই দম্পতির মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে—এমন অভিযোগ তুলে তাদের একটি কক্ষে নিয়ে ভিডিও ধারণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে সবুজ তাদের বিয়ের ছবি দেখালে অভিযুক্ত ব্যক্তিরা হুমকি দিয়ে চলে যান। এ ঘটনায় আইনি পদক্ষেপ না নিতেও তাদের ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেছেন বাদী।
ঘটনার পরদিন ১৭ অক্টোবর প্রবাসী গোলাম কিবরিয়া সবুজ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ছয়জনকে আসামি করে রায়পুর থানায় মামলা করেন। মামলায় দেনায়েতপুর এলাকার মিজানুর রহমান সর্দার, পশ্চিম কেরোয়া এলাকার আব্দুল্লাহ আল মামুন, দেনায়েতপুরের ইউছুফ আলী, কেরোয়ার মাছুম বিল্লাহ ও দেনায়েতপুরের মো: রহিমের নাম উল্লেখ করা হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘রিয়াদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। রিয়াদ ঘটনার সাথে জড়িত। তাকে আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








