মতলব উত্তর থানা, চাঁদপুর
মতলব উত্তর থানা, চাঁদপুর। নয়া দিগন্ত

চাঁদপুরের মতলব উত্তরে বালুবাহী ট্রলির ধাক্কায় আক্তার হোসেন খোকন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

Advertisement

বুধবার (২১ অক্টোবর) দুপুরে সাহেব বাজার-ঠেটালিয়া বেড়িবাঁধ সড়কের সম্ভুখার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্তার হোসেন খোকন মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের মধ্য হানিরপাড় গ্রামের বাসিন্দা ও এলাহী প্রধানের ছেলে। তিনি কনজুমার ডিলারশিপ ব্যবসার সাথে জড়িত ছিলেন।

প্রত্যক্ষদর্শী গোলাম নবী খোকন জানান, মোটরসাইকেল নিয়ে আক্তার হোসেন খোকন মতলব সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় সাহেব বাজারের দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি বালুবাহী ট্রলি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এরপর ট্রলিটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ সময় ট্রলির ধাক্কায় সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন খোকন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: আরিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। দুর্ঘটনায় জড়িত ট্রলিটি শনাক্ত করে চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার চেষ্টা চলছে।

এদিকে বেড়িবাঁধ সড়কে অবৈধ বালুবাহী ট্রলির বেপরোয়া চলাচল নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এসব যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।