সড়ক দুর্ঘটনা, বাবা, মেয়ে, দাফন, জানাজা
সড়ক দুর্ঘটনায় নিহত বাবা-মেয়ের জানাজা পড়ানো হচ্ছে। নয়া দিগন্ত

নাটোরের বড়াইগ্রামে বালুবাহী ট্রাকের সাথে রাজশাহীগামী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত শহিদুল ইসলাম (৫০) ও তার মেয়ে ফারহানা তাসফিয়ার (৫) জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

Advertisement

বুধবার (২১ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ হজরত ইয়ার উদ্দিন খলিফা রা: মাজার শরীফ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাত ১০টার দিকে তাদের লাশ মির্জাগঞ্জে গ্রামের বাড়িতে পৌঁছায়।

নিহত শহিদুল ইসলাম ব্র্যাক ব্যাংকের মাগুরা শাখায় কর্মরত ছিলেন। দুর্ঘটনায় তার স্ত্রী পূবালী ব্যাংকের কর্মকর্তা রুবিনা আক্তার ও ছেলে ফারহান তাজওয়ান লাবিব গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

এ ঘটনার শোক প্রকাশ করে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘প্রথমে এ দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফেরাত কামনা করছি। এছাড়াও নিহত শহিদুলের স্ত্রী ও ছেলে গুরুতর আহত অবস্থায় ঢাকায় ভর্তি আছেন।’

জানাজায় উপস্থিত ছিলেন ইউএনও শেখ মো: রাসেল, বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি সাবেক পরিচালক মো: জাফর ইমাম সিকদার, উপজেলা বিএনপির সভাপতি মো: সাহাবুদ্দিন নান্নু, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: সিরাজুল হক, বিএনপি নেতা মো: ফিরোজ আলম গোলদার, মির্জাগঞ্জ ইয়ারিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মির্জাগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ ওয়াদুদ গোলদার, নিহত শহিদুলের সহকর্মী ব্র্যাক ব্যাংকের সিনিয়র ক্রেডিট হেড মো: মাসুম মিয়া, পূবালী ব্যাংক বরিশাল শাখার আঞ্চলিক কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো: আবু সুফিয়ান প্রমুখ।