শার্শায় ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণবারসহ পাচারকারী আটক
শার্শায় স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ আলাউদ্দিন নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। নয়া দিগন্ত

যশোরের শার্শায় প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দিন নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

বুধবার সকালে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের দক্ষিণ বুরুজবাগান এলাকার একটি ইটভাটা-সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলাউদ্দিন শার্শা উপজেলার হাড়িখালী-যদুনাথপুর গ্রামের মরহুম গোলাম রসুলের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের দক্ষিণ বুরুজবাগান এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন আলাউদ্দিনকে আটক করে তার কাছ থেকে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। এ ঘটনায় চোরাচালান-সংক্রান্ত আইনে মামলা করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।