ভেড়ামারায় সিরাজগঞ্জের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
সাজাপ্রাপ্ত পলাতক আসামি হামিদুল ইসলাম টিটনকে গ্রেফতার করেছে পুলিশ। নয়া দিগন্ত

সিরাজগঞ্জ আদালতের এক সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি হামিদুল ইসলাম টিটনকে (৪৮) বিশেষ অভিযানে গ্রেফতার করেছে কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ।

Advertisement

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে ভেড়ামারার দক্ষিণ ভবানীপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হামিদুল ইসলাম টিটন কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার দক্ষিণ ভবানীপুর গ্রামের সিকান্দার প্রামাণিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, হামিদুল ইসলাম টিটনের বিরুদ্ধে সিরাজগঞ্জের এক মামলায় পলাতক আসামি হিসেবে যুগ্ম দায়রা জজ (প্রথম) আদালত কর্তৃক এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭ লাখ ৭৮ হাজার ৩৫৩ টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা করা হয়েছিল।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ জানান, মামলার রায় ঘোষণার পর থেকেই আসামি টিটন দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে পালিয়ে বেড়াচ্ছিলেন।

তিনি আরো জানান, গ্রেফতার আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ দমনে ও আদালতের ওয়ারেন্ট তামিল করতে ভেড়ামারা থানা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।