
ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, ‘বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা, অধিকার ও মর্যাদায় বিশ্বাসী। বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবেন। এদেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নন, সবাই সমান নাগরিক। প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন বৈষম্য, অন্যায় কিংবা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।’
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে গফরগাঁও পৌর এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ‘এ বছর সুন্দর পরিবেশে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা মানুষের মর্যাদায় বিশ্বাস করি। কারও প্রতি কোনো ধরনের অবিচার, অন্যায় বা জুলুম করা হলে সরকার কঠোরভাবে তা দমন করবে। সব ধর্মের মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করা সবার দায়িত্ব।’
তিনি বলেন, ‘বাংলাদেশ প্রাচীনকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে বিভিন্ন ধর্মের মানুষ যুগ যুগ ধরে পাশাপাশি বসবাস করে আসছেন। একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ার মধ্য দিয়ে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হয়েছে। এ ঐতিহ্য ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বৈষম্যহীন, নিরাপদ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছেন। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবেন।’
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গফরগাঁওয়ের ইউএনও মোহাম্মদ ইউসুফ, সহকারী কমিশনার (ভূমি) মো: মাহফুজুর রহমান, গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান সেখ, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো: ইসহাক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো: ফজলুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী চিত্তরঞ্জন ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায়, সাধারণ সম্পাদক শ্রী অনিল রায়সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা এবং বিভিন্ন পূজামণ্ডপের পূজা উদযাপন কমিটির কর্মকর্তারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








