ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলে সংঘর্ষে নিহত ২
ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। প্রতীকী ছবি

খুলনার ডুমুরিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

Advertisement

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আঠারোমাইল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার নরনিয়া গ্রামের মরহুম আব্দুল বারী গাজীর ছেলে রফিউর রহমান রউফ (৪৩) ও একই গ্রামের আব্দুল মালেক সরদারের ছেলে ইউনুস আলী (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে একটি মোটরসাইকেলে দুই যুবক আঠারোমাইল বাজারের পাইকগাছা রোড থেকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে উঠছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের একটি বেপরোয়া গতির বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজনেই মহাসড়কের ওপর ছিটকে পড়েন এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খর্ণিয়া (চুকনগর) হাইওয়ে থানার ইনচার্জ এসআই মুনসি পারভেজ হাসান বলেন, ঘাতক বাসটিকে আটক করে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়ায় তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।