
সিলেটে থামছে না ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮৫ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৯ জন।
বুধবার (২১ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ১০ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যালে ৩ ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৫৯ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, হবিগঞ্জ সদর হাসপাতালে ১৩, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত বিভাগে শনাক্ত ৬৮৫ জনের মধ্যে হবিগঞ্জে ২৯১, সুনামগঞ্জে ১৫৬, সিলেটে ১৪৫ এবং মৌলভীবাজারে ৬৭ জন রয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরও ২৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
এদিকে, আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সিলেটে শনাক্ত হয়েছিলেন ১১ জন। চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ ১৮ অক্টোবর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নেপাল চন্দ্র দাস (৫২) মারা যান। এর আগে গত ১৬ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যালে মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছলিমা বেগম (৬০), ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যালে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) ও ২ আগস্ট সিলেট ওসমানী মেডিক্যালে আফিয়া খানমের (৫৪) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








