বিজিবি, সিলেট, পূজামণ্ডপ, নিরাপত্তা
পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক । নয়া দিগন্ত

সিলেট সীমান্তে দুর্গাপূজা উপলক্ষে ৫৭টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি জকিগঞ্জ উপজেলায় স্থাপন করা হয়েছে একটি বেইজ ক্যাম্প।

Advertisement

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জকিগঞ্জ ব্যাটালিয়নের (বিজিবি ১৯) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: সোহেল আলম। সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পূজামণ্ডপগুলো পরিদর্শন করে তিনি স্থানীয় প্রতিনিধি ও পূজা কমিটির দায়িত্বশীল ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন।

সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সীমান্তবর্তী জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার দায়িত্বপূর্ণ এলাকায় এ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত এসব পূজামণ্ডপে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

বিজিবি জানায়, পূজাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধ কার্যক্রমের পাশাপাশি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত কার্যক্রমের সাথে বিশেষ নজরদারিও অব্যাহত রয়েছে।

এছাড়া জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) তৈরি ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ্লিকেশনে বিজিবি সদস্যরা রেসপন্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মাধ্যমে পূজাকালীন অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য দ্রুত পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক ও অস্ত্র-গোলাবারুদ পাচারসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধেও বিজিবির বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। দেশের সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিষ্ঠা ও পেশাদারত্বের সাথে দায়িত্ব পালন করছে।