গোয়াইনঘাটে চাঁদা আদায়, সিলেট জেলা ছাত্রদল, গাড়ি আটকে চাঁদা আদায়, জুবের আহমদ জুবের, সিলেট-তামাবিল সড়ক, চাঁদা আদায়ের অভিযোগ
ছাত্রদল লোগো। সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে গাড়ি আটকে চাঁদা আদায়ের অভিযোগে ছাত্রদলের আট নেতাকর্মীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সিলেট জেলা ছাত্রদল।

Advertisement

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ জুবের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার রাতে জেলা ছাত্রদলের সহ-দফতর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অভিযুক্তদের শোকজ করা হয়।

শোকজ নোটিশ পাওয়া নেতাকর্মীরা হলেন গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন, সহ-সভাপতি বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ হেলু, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী এবং ইউনিয়ন শাখার নেতা নাজমুল ইসলাম মান্না, শাহরিয়াদ আহমদ ও নাজমুল হাসান নাঈম।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট-তামাবিল সড়ক দিয়ে প্রতিদিন ভারতীয় চোরাচালানের পণ্যবাহী বিপুলসংখ্যক ডিআই পিকআপ চলাচল করে। এসব গাড়ির দ্রুতগতির চলাচলে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে সন্ধ্যার পর ফতেহপুর ইউনিয়নে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী গাড়ি থামিয়ে চাঁদা আদায় করছেন বলে অভিযোগ ওঠে।

সম্প্রতি গাড়ি থামিয়ে টাকা আদায়ের অভিযোগসংক্রান্ত কিছু হোয়াটসঅ্যাপ কথোপকথন ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি জেলা ছাত্রদলের নজরে এলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ে দুই নেতাকে তদন্তের দায়িত্ব দেয়ার পাশাপাশি আটজনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ জুবের বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এসেছে। এর মধ্যে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও অবৈধ কার্যকলাপের অভিযোগও রয়েছে। বিষয়গুলো খতিয়ে দেখতে জেলা পর্যায়ের দুই নেতাকে দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।’