সংঘর্ষ
সরাইলে টর্চ জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০। নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে দু’পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। 

Advertisement

মঙ্গলবার (২০ অক্টোবর) জমি থেকে ঘাস কাটা নিয়ে তর্কাতর্কির জের ধরে উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া গ্রামের দক্ষিণপাড়া ও একই গ্রামের উত্তরপাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বড্ডাপাড়া গ্রামের দক্ষিণপাড়ার আলমগীর ও একই গ্রামের উত্তরপাড়ার ফারুক মিয়ার মধ্যে মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে জমি থেকে ঘাস কাটাকে কেন্দ্র করে কথাকাটাকাটি ও তর্কাতর্কি হয়। এ ঘটনায় একই দিন সন্ধ্যা ৭টার দিকে বিবাদমান বিষয়টি মীমাংসার চেষ্টা করেন স্থানীয়রা। কিন্তু সালিস অমান্য করে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টর্চলাইটের আলো জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। দেড় ঘণ্টাব্যাপী চলমান ওই সংঘর্ষে সরাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বারসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের স্থানীয় সরাইল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’