নোয়াখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা কারাগারে 
গ্রেফতার যুবলীগ নেতা ইসমাঈল হোসেন। ফাইল ছবি

নোয়াখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও যুবলীগ নেতা ইসমাঈল হোসেনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

Advertisement

মঙ্গলবার (২০ অক্টোবর) আদালতে উপস্থাপনের পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার উত্তর ওয়াপদা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইসমাঈল হোসেন সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। 

ইসমাঈল হোসেনের বাবা আহমদ উল্যাহ অভিযোগ করে বলেন, কোনো ওয়ারেন্ট ছাড়াই ডিবি পুলিশ তার ছেলেকে গ্রেফতার করেছে। তিনি অবিলম্বে ছেলের মুক্তি দাবি করেন।

পুলিশ জানায়, ইসমাঈল হোসেনের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা, ভাঙচুর, হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম বলেন, ‘ইসমাঈল হোসেন রাজনৈতিক সহিংসতা, ভাঙচুর, হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামি হত্যাসহ একাধিক মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। ওয়ারেন্ট অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’