পোরশায় নদীতে জাল বসানো নিয়ে সংঘর্ষে যুবক নিহত
হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে পোরশা থানা পুলিশের অভিযান চলছে। নয়া দিগন্ত

নওগাঁর পোরশায় পুনর্ভবা নদীতে মাছ ধরার রিং জাল বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সেলিম রেজা (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। 

Advertisement

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার মাটিকাটা নামক স্থানে এ হত্যার ঘটনা ঘটে। 

নিহত সেলিম রেজা উপজেলার পশ্চিম রঘুনাথপুর (টেকঠা) গ্রামের নুর বক্তের ছেলে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, পুনর্ভবা নদীতে মাছ ধরার রিং জাল বসানো নিয়ে পশ্চিম রঘুনাথপুর গ্রামের সেলিম রেজার সাথে নিতপুর ইউনিয়নের জেলেপাড়া গ্রামের কামরুলের ছেলে মোস্তাকিমের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে মোস্তাকিম ক্ষিপ্ত হয়ে সেলিম রেজার মাথায় লোহার হাম্বল দিয়ে সজোরে আঘাত করে। আঘাতের ফলে সেলিম রেজা ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে নদীর পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

পোরশা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।