
রাজবাড়ীতে রেললাইন থেকে অজ্ঞাতপরিচয় এক নারীসহ দুজনের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা-পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রাজবাড়ী সদর উপজেলার পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। অন্যজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
নিহত যুবকের নাম সাকিব (৩০)। তিনি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ছলিয়াবাদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজবাড়ী জিআরপি থানা সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে সদর উপজেলার কুটি পাঁচুরিয়া প্রেসকার বাড়ি এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়।
এ ছাড়া মঙ্গলবার সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষ্মীপুর গ্রামের আজাদের দোকানসংলগ্ন রেললাইনের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে রেলওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, পৃথক দুটি স্থান থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। অন্যজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








