সড়ক দুর্ঘটনা, জাজিরা, শরীয়তপুর, শোক
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত জাজিরার ৫ ব্যবসায়ী, বাড়িতে চলছে শোকের মাতম । নয়া দিগন্ত

কৃষিপণ্য কিনতে রাজশাহীর তাহেরপুরে যাওয়ার পথে নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট বন্দর ও আশপাশ এলাকার পাঁচ ব্যবসায়ী। তাদের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। প্রিয়জনকে শেষ বিদায় জানাতে চলছে কবর প্রস্তুতসহ দাফনের প্রয়োজনীয় আয়োজন। একইসাথে শোকের ছায়া নেমে এসেছে কাজিরহাট বন্দর এলাকার ব্যবসায়ী মহলেও। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পাঁচজনই জাজিরার কাজিরহাটসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন। ব্যবসায়িক প্রয়োজনে তারা রাজশাহীর তাহেরপুরে যাচ্ছিলেন। সেখানে ভুট্টা, পেঁয়াজ, রসুন, ধনিয়া ও অন্যান্য কৃষিপণ্য কেনার কথা ছিল তাদের। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা।

নিহতরা হলেন- জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর মাদবরকান্দি এলাকার জহির উদ্দিন মাদবরের ছেলে জুয়েল রানা (৪০), ডুবিসায়বর মোল্যাকান্দি এলাকার জাহান উদ্দিন মোল্যার ছেলে সালাল মোল্যা (৪৫) ডুবিসায়বর কাজিরহাট এলাকার ইউনুস শিকদারের ছেলে সোহাগ হোসেন (৩০), কাজিরহাট গ্রামের শাহিন (৩২) ও সামাদ ফকির (৭০)। একই উপজেলায় পাঁচজনের এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ীসহ তাদের পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। 

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালেহ আহমেদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার বিষয়টি জেনেছি। সন্ধ্যা ৬টা পর্যন্ত কারো লাশ শরীয়তপুরে পৌঁছেনি। লাশ জাজিরায় নিয়ে আসার বিষয়ে প্রয়োজনীয় তথ্য পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।