
খাগড়াছড়ির গুইমারায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্ধুকছড়ি জোনের উদ্যোগে এ মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী সিন্দুকছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিশেষ মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হয়।
সিন্দুকছড়ি জোন সদরের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন এম সোহান আল মাহমুদ এ ক্যাম্প পরিচালনা করেন।
মেডিক্যাল ক্যাম্পে ঋতু পরিবর্তন জনিত কারণে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সাধারণত দেখা যায় এমন বিভিন্ন মৌসুমি রোগ যেমন : জ্বর, সর্দি-কাশি, শ্বাসতন্ত্রের সংক্রমণ, বাতের ব্যথা, অ্যালার্জি ও চর্মরোগের উন্নত চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
পাশাপাশি ডায়রিয়া, আমাশয় ও টাইফয়েডের মতো বিভিন্ন পানিবাহিত রোগের প্রতিরোধমূলক পরামর্শ ও ওষুধ দেয়া হয়। এছাড়া সাধারণ অসুস্থতা নিয়ে আসা রোগীদেরও চিকিৎসাসেবা দেয়া হয়।
দিনব্যাপী এ ক্যাম্পেইনে প্রায় ২০০ রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়।
এ মানবিক ও জনকল্যাণমূলক চিকিৎসাসেবা কার্যক্রমটি সরেজমিনে পরিদর্শন করেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল।
পরিদর্শনকালে লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল চিকিৎসাসেবা গ্রহীতা, সাধারণ জনগণ, জনপ্রতিনিধি ও ছাত্র-ছাত্রীদের দলমত নির্বিশেষে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সম্প্রীতির সাথে বসবাসের পরামর্শ দেন। একই সাথে তিনি ভবিষ্যতেও ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনার ধারা বজায় রাখতে সবার সহযোগিতা চান।
এ সময় সেবা গ্রহীতারা সেনাবাহিনীর এ মানবিক ও জনস্বার্থমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে জোন কমান্ডারের কাছে অনুরোধ জানান। তারা নক্রাইপাড়া ত্রি-মোড়ে একটি সৌরবিদ্যুৎ বাতি স্থাপন, নক্রাইপাড়া স্কুলসংলগ্ন খালের ওপর একটি বাঁশের সাঁকো নির্মাণ এবং বিদ্যালয়ের জন্য একটি সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অনুরোধ জানান।
স্থানীয় জনগণের উত্থাপিত দাবিসমূহ গুরুত্বের সাথে বিবেচনা করে সিন্দুকছড়ি জোনের কমান্ডার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার আওতায় এ সব বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ সময় তিনি দুর্গম পার্বত্য এলাকার জনসাধারণের জীবনমান উন্নয়ন, চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
এ সময় স্থানীয় কারবারি, হেডম্যান, নাগরিক সমাজের প্রতিনিধি ও নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








