
ঢাকার ধামরাইয়ে দুর্গাপূজা পরিদর্শন করে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
তিনি বলেন, ‘বিভিন্ন সম্প্রদায়ের লোক যার যার ধর্ম পালন করে আসছে। এ যেন সম্প্রীতির বন্ধন।’
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ধামরাইয়ের একটি দুর্গাপূজা মণ্ডপ ও ঐতিহ্যবাহী কাঁসা-পিতলের কারুশিল্পের কর্মশালা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন সারাহ কুক।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য দুর্গাপূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। ধামরাইয়ে এসে পূজা উদযাপন সরাসরি দেখতে পেরে আমরা আনন্দিত। এর আগে অনেকবার ধামরাইয়ে এলেও দুর্গাপূজার সময় কখনো আসা হয়নি।’
বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গ তুলে সারাহ কুক বলেন, ‘বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করে। নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করেন। এটি বাংলাদেশের একটি বিশেষ দিক। দুর্গাপূজায় মানুষের অংশগ্রহণ ও পারস্পরিক সম্প্রীতির চিত্র ও কাঁসা-পিতল শিল্পে আমাকে মুগ্ধ করেছে।’
দুর্গাপূজা পরিদর্শনের পাশাপাশি ধামরাইয়ের ঐতিহ্যবাহী কাসা-পিতল কারুশিল্পের কর্মশালাও ঘুরে দেখেন ব্রিটিশ হাইকমিশনার। এ শিল্পের দীর্ঘ ইতিহাস ও সাংস্কৃতিক গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, কাঁসা-পিতল কারুশিল্প বাংলাদেশের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ শিল্পের ইতিহাস পাঁচ হাজার বছরেরও বেশি পুরোনো। ধামরাইয়ের কর্মশালায় শত শত বছর ধরে এসব শিল্পসামগ্রী তৈরি হয়ে আসছে।
ধামরাইয়ের কারুশিল্পের প্রতি নিজেদের আগ্রহের কথাও তুলে ধরেন সারাহ কুক। তিনি বলেন, ‘এর আগে আমরা বেশ কয়েকবার ধামরাইয়ে এসেছি। এখান থেকে বিভিন্ন কারুশিল্প সামগ্রী কিনেছি। সেসব সামগ্রী বর্তমানে ঢাকায় আমাদের বাসভবনে রয়েছে।’
সারাহ কুক বলেন, ‘ধামরাইয়ের ঐতিহ্যবাহী কাঁসা-পিতল কারুশিল্প বাংলাদেশের সংস্কৃতি ও ইতিহাসকে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ শিল্পের সাথে জড়িয়ে থাকা ঐতিহ্য সরাসরি দেখার সুযোগ পেয়ে আমরা আবারো আনন্দিত।’
ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্যবাহী লোকশিল্পের সমৃদ্ধির জন্য পরিচিত ধামরাইয়ে দুর্গাপূজা ও কাঁসা-পিতল শিল্প—দুই ক্ষেত্রেই বাংলাদেশের সংস্কৃতির বৈচিত্র্য ও ঐতিহ্যের প্রকাশ ঘটেছে বলে মন্তব্য করেন ব্রিটিশ হাইকমিশনার।
এ সময় হাইকমিশনারের সাথে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল মামুন ও ধামরাই পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত বণিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








