রুকন সম্মেলন
লাকসামে রুকন সম্মেলনে সমাপনী বক্তব্য দিচ্ছেন জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান। নয়া দিগন্ত

লাকসামে কুমিল্লা দক্ষিণ জেলা শাখার ৩টি উপজেলা ও ২টি পৌরসভার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ‘রুকনদের আত্মগঠনের পাশাপাশি দায়িত্ব পালনে আরো সচেষ্ট হতে হবে।’

Advertisement

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে লাকসাম শহরে এ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

‘আল্লাহ কোনো ব্যক্তির ওপর তার সাধ্যের অতিরিক্ত কিছু আরোপ করেন না’—পবিত্র কোরআনের এ আয়াতকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে প্রায় ৯০০ রুকন গোপন ব্যালটের মাধ্যমে জেলা আমির নির্বাচনে ভোট দেন।

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী।

লাকসাম পৌরসভা জামায়াতের আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী ও সহ-সেক্রেটারি ডা: মুহাম্মদ আব্দুল মোবিন।

সম্মেলনে লাকসাম উপজেলা, পৌরসভা, মনোহরগঞ্জ উপজেলা, নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা জামায়াতের আমির, সেক্রেটারিসহ অন্য দায়িত্বশীল ও রুকনরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, সমাজে যারা এখনো ইসলামী আন্দোলনের দাওয়াত পায়নি, কেয়ামতের দিন তারা আল্লাহর কাছে মামলা দায়ের করবে। দায়িত্বশীলদের দ্বিগুণ শাস্তির জন্য তারা নালিশ করবে। এজন্য রুকনদের আত্মগঠনের পাশাপাশি নিয়মিত দাওয়াতি কাজসহ সংগঠন সম্প্রসারণে দায়িত্ব পালনে আরো সচেষ্ট হতে হবে।