
নওগাঁর পোরশায় মাটিকাটা নদীতে মাছ ধরার রিং জাল বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সেলিম রেজা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার মাটিকাটা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম রেজা উপজেলার পশ্চিম রঘুনাথপুর গ্রামের মো নুর বক্সের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাটিকাটা নদীতে মাছ ধরার রিং জাল পাতা নিয়ে পশ্চিম রঘুনাথপুর গ্রামের সেলিম রেজার সাথে নিতপুর ইউনিয়নের জেলেপাড়া গ্রামের কামরুল হোসেনের ছেলে মোস্তাকিমের (২৫) বাকবিতন্ডা শুরু হয়। কথাকাটাকাটির একপর্যায়ে মোস্তাকিম ক্ষিপ্ত হয়ে সেলিম রেজার মাথায় শক্ত বস্তু দিয়ে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই রক্তাক্ত ও গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন সেলিম রেজা।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পোরশা উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পোরশা উপজেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: মো: এবাদুল হক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাছ ধরার রিং জাল বসানোকে কেন্দ্র করে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের আটক ও মামলার প্রক্রিয়া চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








