সড়ক দুর্ঘটনা
চেসি ত্রিপুরা। নয়া দিগন্ত

উন্নত চিকিৎসার জন্য সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

Advertisement

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। সেখানে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তার চিকিৎসা দেয়ার কথা রয়েছে। এর আগে সোমবার রাজশাহীর বাগমারায় এক সহপাঠীর বাসায় পূজার দাওয়াতে যান চেসি ও তার আরেক সহপাঠী। সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশায় করে ক্যাম্পাসে ফেরার পথে দুর্গাপুর এলাকায় একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান চেসি।

পরে তাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।

সোমবার রাতে চেসির শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের ভিসি ও অন্যরা। এসময় উন্নত চিকিৎসার প্রয়োজনে ঢাকায় পাঠানোর কথাও জানিয়েছিলেন ভিসি।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো: ফরিদুল ইসলাম বলেন, ‘চেসি ত্রিপুরার মাথায় আঘাত লেগেছে। চিকিৎসকেরা তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন। সে অনুযায়ী, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় কিছুক্ষণ আগে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের প্রধানের সঙ্গে কথা বলে তার চিকিৎসার জন্য একটি আসনেরও ব্যবস্থা করা হয়েছে।’