
নদী পার করে দেয়ার কথা বলে এক নারীকে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে খুলনার তেরখাদায়।
সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মধুপুর ইউনিয়নের শ্যামনগর এলাকার একটি পরিত্যক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মধুপুর গ্রামের মিকাইল শেখের ছেলে সামিউল শেখ (২৮), মো: আলমগীর কাজীর ছেলে মাজাহারুল কাজী (২২) এবং আশরাফ শরীফের ছেলে শাহজাহান শরীফ (৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১২টার দিকে নদী পার হয়ে দিঘলিয়ায় যাওয়ার জন্য মধুপুর ইউনিয়নের বেলেঘাট এলাকায় অপেক্ষা করছিলেন ওই নারী। এ সময় কয়েকজন তাকে নদী পার করে দেয়ার কথা বলে নৌকায় তোলে। তবে দিঘলিয়ার দিকে না নিয়ে তাকে শ্যামনগর এলাকার একটি পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয়ের ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস বলেন, ‘ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








