
ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে জামাই গোলাম রহমানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর তরিকুল ইসলামের বিরুদ্ধে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত গোলাম রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হুদারাড়ী পাড়া গ্রামের কারী গোলামের ছেলে। অভিযুক্ত তরিকুল ইসলাম মহেশপুর উপজেলার বলিভদ্রপুর গ্রামের মরহুম গাজী আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য এনামুল হোসেন জানান, গত সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন গোলাম রহমান। যৌতুক দেয়ার পরেও মেয়ের ওপর নির্যাতনের কারণে বেশ কিছুদিন ধরে শ্বশুর তরিকুল ইসলামের সাথে তার মনোমালিন্য চলছিল।
এর জের ধরে মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে গোলাম রহমানকে কোপান। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানায় স্থানীয়রা।
চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সকাল ৬টা ৫০ মিনিটের দিকে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত তরিকুল ইসলামকে গ্রেফতার করে।
এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালও উদ্ধার করা হয়। নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন বলেন, ‘ঘটনার পর অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর এ বিষয়ে জানানো যাবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








