
জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আওয়ামী লীগ সরকারের ১৬ বছর শেখ হাসিনা ও তার সন্ত্রাসী এমপিরা দেশে এত লুটপাট করেছে যা বিশ্বের কোথাও হয়নি। পৃথিবীর ইতিহাসে এত বড় চোরের দল মানুষ দেখেনি। দেশের সম্পদ ও টাকা লুপপাট করে তারা বিদেশে প্রাসাদ তৈরি করেছে। তাদের পতনের পর এখন বিদেশের সেসব প্রসাদে বসে তারা দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে।
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ আইপিইউ-এর এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে লালমোহন উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, যারা লুটপাট করেছে, তারা ভারতে বসে এখন ষড়যন্ত্র করছে। কিভাবে দেশকে অস্থিতিশীল করা যায়, সেই চেষ্টা করছে তারা।
হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের বিষয়ে তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। অতীতে এত পূজামণ্ডপে কখনো পূজা উদযাপিত হয়নি।
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, তানজানিয়ায় বিশ্বের ১৬৭টি দেশের সংসদ সদস্যদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বকে ছয়টি ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়েছে। বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্তর্ভুক্ত। আমাকে অঞ্চলের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এর আগে বাংলাদেশ থেকে কেউ এ পদে নির্বাচিত হননি। এ সম্মান আমার একার নয়, এটি সবার সম্মান। এর মাধ্যমে বাংলাদেশের ভাবমর্যাদা পৃথিবীতে উজ্জ্বল হয়েছে।
মেজর হাফিজ আরো বলেন, দেশে আওয়ামী লীগের ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেয়া হবে না। বর্তমান সরকার ক্ষমতায় এসেছে মাত্র আট মাস। এর মধ্যে ক্ষমতাসীন দলের একজন নারী সংসদ সদস্যকে দখলবাজির অভিযোগের কারণে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। অস্ত্র হাতে দেখা যাওয়ায় একজন প্রতিমন্ত্রীকেও পদত্যাগে বাধ্য করা হয়েছে। এটা শুধুমাত্র এদেশে বিএনপি সরকারই করেছে। অন্য কোনো সরকারের এমন নজির দেশে নেই। বিএনপি ন্যায়বিচারের দৃষ্টান্ত সৃষ্টি করছে।
তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) চুরি ও লুটপাট করে সম্পদ নিয়ে গেছে। টাকা দিয়ে আইন-আদালত কিনে ফেলেছিল। ভারতে প্রাসাদের মধ্যে বসবাস করে। এভাবে লুটপাট কেউ করতে পারেনি।
বিএনপি সরকার ন্যায়বিচারের দৃষ্টান্ত সৃষ্টি করতে চায় বলেও জানান তিনি।
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো: জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েতের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফান বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে লালমোহন উপজেলার ১৫০ জন অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








