শামা ওবায়েদ ইসলাম
বক্তব্য দিচ্ছেন শামা ওবায়েদ ইসলাম। নয়া দিগন্ত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিএনপি সরকার যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, তখনই সব ধর্মের মানুষ সমঅধিকার নিয়ে বাঁচতে পারেন, তারা স্বাধীনভাবে ও নিরাপত্তার সাথে ধর্মীয় উৎসব পালন করতে পারেন।

Advertisement

তিনি বলেছেন, জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে বিএনপি। এই সরকার সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (১৯ অক্টোবর) রাতে ফরিদপুরের সালথায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে সাহাপাড়া পূজামণ্ডপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, গত বছর ও এ বছরের পূজার মধ্যে পার্থক্য রয়েছে। বর্তমানে আমরা একটি গণতান্ত্রিক সরকারের অধীনে রয়েছি। গত পূজায় বিএনপির নেতাকর্মীরা মন্দির কমিটির সদস্যদের সাথে সমন্বয় করে সারা রাত পাহারা দিয়েছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

তিনি আরো বলেন, গত ১৭ বছর মানুষ একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পার করেছেন। তবে এবারের শারদীয় দুর্গাপূজায় সব ধর্মের মানুষ এক হয়ে, ভাই-ভাই হিসেবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে উৎসব পালন করছেন। এটাই বাংলাদেশের সৌন্দর্য ও মাধুর্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে সম্প্রীতির এই বন্ধন আরো সুদৃঢ় হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অবস্থান তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা ১৮ কোটি মানুষকে আশ্বস্ত করতে চাই, তারা যে ধর্মের বা বর্ণেরই হোন না কেন, সবাই সমঅধিকার নিয়ে বাঁচবেন। আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না।

নিজের বাবা সাবেক বিএনপি মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি যত দিন বেঁচে ছিলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য কাজ করেছেন।

এ সময় উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের মধ্যে কোনো ধরনের কোন্দল সৃষ্টি করা যাবে না। সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজেদের মধ্যে দলাদলি না করে সংগঠনকে শক্তিশালী করতে হবে। 
জাতীয়তাবাদী দলকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: আসাদ মাতুব্বর, বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ও মিরান হোসেন, সদস্যসচিব এনায়েত হোসেনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।