
মফস্বল শহর থেকে আন্তর্জাতিক অঙ্গন—স্বপ্ন, মেধা আর কঠোর পরিশ্রমের শক্তিতে বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে গৌরবান্বিত করেছে পটুয়াখালীর গলাচিপার খুদে শিক্ষার্থী সালমান আরহাম সুনায়েন।
ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত জিইআইএসটি ইন্টারন্যাশনাল ফাউণ্ডেশন আয়োজিত আইসিএলই অ্যান্ড আইওইএলএলএস ২০২৬-এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইংলিশ অলিম্পিয়াড ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সে। জিতেছে স্বর্ণপদকও। ১৩টি দেশের শতাধিক মেধাবী প্রতিযোগীকে পেছনে ফেলে তার এই সাফল্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গলাচিপা তথা পুরো বাংলাদেশের জন্য বয়ে এনেছে গর্ব ও আনন্দের বার্তা।
জানা গেছে, সালমান আরহাম স্থায়ী নিবাস পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড শের-ই-বাংলা এলাকায়। তার বাবা মো: অলিউল ইসলাম (সুসান) বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক। মা নিশিতা আরা উর্মি বরিশালের জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা।
সুনায়েন বরিশালের জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সুনায়েনের দাদা মো: শাহজাহান খান ছিলেন সাবেক উপজেলা খাদ্য কর্মকর্তা।
আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার আগে জাতীয় পর্যায়েও নিজের মেধার স্বাক্ষর রেখেছে সে। প্রাথমিক পর্যায়ের (গ্রেড ৩ থেকে গ্রেড ৫) ইংলিশ এবং লিডারশীপ অলিম্পিয়াডে বিভাগীয় পর্যায় অতিক্রম করে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে আরহাম। সেই সাফল্যের ধারাবাহিকতায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায় সে।
সন্তানের আন্তর্জাতিক সাফল্যে আনন্দিত তার মা-বাবা।
তারা জানায়, এই অর্জন কেবল পরিবারের নয়; এটি গলাচিপা তথা দেশের মানুষের জন্যও আনন্দের উপলক্ষ্য। তাদের প্রত্যাশা, আরহাম ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে জ্ঞানচর্চা চালিয়ে যাবে এবং নিজের প্রতিভার বিকাশ ঘটাবে।
তারা আরো জানায়, স্বভাবে শান্ত ও স্বল্পভাষী আরহামের আগ্রহের জগৎ বেশ বিস্তৃত। বিশ্বরাজনীতি, বিভিন্ন দেশের ইতিহাস এবং আন্তর্জাতিক নানা বিষয় সম্পর্কে জানার প্রতি তার রয়েছে বিশেষ কৌতূহল। অবসর সময়ে এসব বিষয়ে পড়াশোনা ও নতুন তথ্য জানার চেষ্টা করে সে। বয়সের তুলনায় বিস্তৃত বিষয়ে আগ্রহ তার চিন্তাশক্তি ও জানার আকাঙ্ক্ষার পরিচয় বহন করে। এ সময় তাদের সন্তানের ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








