
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গরু ব্যবসায়ীকে মারধর করে ২০ লাখ ২০ হাজার টাকা ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতিতে ব্যবহৃত চারটি মোটরসাইকেল, ছয়টি মোবাইল ফোন, দুটি চাকু জব্দ করা হয়েছে। একই সাথে ডাকাতদলের সদস্যদের কাছ থেকে নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, রোববার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন মাটিরাঙ্গার বেলছড়ি আমবাগান এলাকার ফরিদ মিয়ার ছেলে মো: আলী হোসেন (২৪), একই এলাকার মরহুম নুরুল আলমের ছেলে ইউসুফ মিয়া ওরফে নয়ন (২৬), খোদাছড়া খালেক লিডার পাড়ার মো: আব্দুল হালিমের ছেলে মো: আবু মুছা (২৭) এবং মাটিরাঙ্গা পৌরসভার পলাশপুর এলাকার মো: হোসেন ইসলামের ছেলে নোমান ইসলাম রাব্বি (১৯)।
ওসি সাহেদ উদ্দিন জানান, চট্টগ্রামের ভূজপুর থানা বাগানবাজার এলাকার গরু ব্যবসায়ী আবু আহম্মদ মঞ্জু ও তার ছেলে মো: কামরুল হাসান হৃদয় দীর্ঘদিন ধরে গরুর ব্যবসা করে আসছেন। গত ১২ অক্টোবর সকালে তারা মোটরসাইকেলে রামগড় সীমান্ত সড়ক হয়ে মাটিরাঙ্গার তাইন্দং বাজারে গরু কিনতে যাচ্ছিলেন। পথে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চালিতাছড়া এলাকার শয়তানের টিলা নামক স্থানে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তাদের এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে এবং তাদের সাথে থাকা নগদ ২০ লাখ ২০ হাজার টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী গরুব্যবসায়ী আবু আহম্মদ মঞ্জু মাটিরাঙ্গা থানায় অজ্ঞাত পরিচয় ছয় আসামির বিরুদ্ধে মামলা করেন। মামলার সাত দিন পর পুলিশ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করে।
মাটিরাঙ্গা থানার ওসি সাহেদ উদ্দিন বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








