পৃথক দুই নদী থেকে দুই লাশ উদ্ধার
পৃথক দুই নদী থেকে দুই লাশ উদ্ধার। নয়া দিগন্ত গ্রাফিক্স

কুষ্টিয়ায় পৃথক ঘটনায় গড়াই নদী ও পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

সোমবার (১৯ অক্টোবর) কুমারখালীতে গড়াই নদী থেকে এক যুবকের অর্ধগলিত লাশ ও দৌলতপুরে পদ্মা নদী থেকে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করা হয়। তবে, তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকায় রেলসেতুর নিচ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২৮-৩০ বছর। পুলিশ ধারণা করছে, দুই-তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আমিরুল ইসলাম বলেন, গড়াই নদীতে ভাসমান অবস্থায় ওই যুবকের অর্ধগলিত লাশ পাওয়া গেছে। বিষয়টি নৌ-পুলিশকে জানানো হয়েছে। নদী থেকে লাশ উদ্ধারের ঘটনায় আইনগত কার্যক্রম নৌ-পুলিশ পরিচালনা করবে।

অন্যদিকে, সোমবার দুপুরে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া এলাকার ঈদগাহ সংলগ্ন পদ্মা নদীতে এক বৃদ্ধের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে নৌ-পুলিশের সদস্যরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল। তার মাথার চুল সাদা। স্থানীয়দের ধারণা, তার বয়স ৬৫-৭০ বছরের মধ্যে। তবে তার পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি।

পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুণ্ডা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। পৃথক দুই নদী থেকে উদ্ধার হওয়া লাশ দু’টির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ জানতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।