
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে নৃশংসভাবে গুলি করে হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি এ মানববন্ধন আয়োজন করে।
সোমবার (১৯ অক্টোবর) বেলা ১২টার দিকে কুমিল্লা শহরের কান্দিরপাড় পূবালী চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া যায় না। একজন সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা শুধু একটি পরিবারের ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্যও গুরুতর হুমকি।
বক্তারা সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সাথে হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেককে দ্রুত শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় দায়ীদের বিচার নিশ্চিত না হলে এ ধরনের ঘটনা আরো উৎসাহিত হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় জেলা কমিটির সাবেক সভাপতি ওমর ফারুকী তাপস, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, বীর মুক্তিযোদ্ধা হাজী ফরিদ উদ্দিন আহমেদ, লালমাই উপজেলা কমিটির সভাপতি রিয়াজ মোশেদ মাসুদ, উপঅর্থসম্পাদক আব্দুল মোতালেব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ খন্দকারসহ জেলা কমিটির নেতারা বক্তব্য রাখেন।
কর্মসূচিতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








