
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাইদুল ইসলাম (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের ডুমুরগাছা (সরকারপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাইদুল ডুমুরগাছা (সরকারপাড়া) গ্রামের মরহুম জয়নুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডুমুরগাছা (সরকারপাড়া) গ্রামের মাইদুল ইসলাম সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে তার ব্যবহৃত নিজস্ব অটোরিকশায় চার্জ দিতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে তিনি গুরুতর আহত হন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিদ্যুৎস্পৃষ্টে মাইদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাকাই ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) তৌহিদুল ইসলাম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








