
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়াস এ রায় দেন।
রায়ে দণ্ডিতদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের কথা বলা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- দেলদুয়ার উপজেলার মঙ্গলহোড় গ্রামের হযরত আলীর ছেলে রাজন মিয়া, মো: মজনু মিয়ার ছেলে মো: রিফাত, মো: মোবারকের ছেলে আব্দুর রউফ, সদর উপজেলার পয়লা পশ্চিম পাড়া গ্রামের মো: নিলু মিয়ার ছেলে মো: আমির হামজা, কালিহাতী উপজেলার পৌলি গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে আল আমিন, দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে বিপ্লব মিয়া।
সরকারি কৌশুলি (পিপি) ওমরাও খান দিপু জানান, ২০২৪ সালের ২৯ অক্টোবর ধর্ষণের শিকার গৃহবধূ দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামে তার ফুপু শিউলী বেগমের বাড়িতে যান। ফুপুর কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন তিনি। ওইদিন রাতে বাড়ি ফেরার পথে দণ্ডিতরা জোরপূর্বক তাকে একটি টেক্সটাইল মিলের অফিস রুমে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। তারা ওই গৃহবধূর মোবাইলফোন ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
ঘটনার পরদিন ভুক্তভোগী দেলদুয়ার থানায় মামলা দায়ের করেন। দেলদুয়ার থানার পরিদর্শক আজিজুল হক হাওলাদার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রায় ঘোষণার পর আসামিদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








